রোববার থেকে ৩ ঘণ্টা খোলা থাকবে ডাকঘর

২ এপ্রিল, ২০২০ ২৩:৩১  
আগামী সপ্তাহ থেকে সঞ্চয় ব্যাংকের লেনদেনের পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবার কাউন্টার খোলা রাখবে ডাকঘর। সাধরণ ছুটি বাতিল করে ৫ এপ্রিল রোববার থেকে সব জিপিও ও প্রধান ডাকঘর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দেয়া এই নির্দেশনায় বলা হয়েছে, মেট্রোপলিটন শহর এলাকায় ডাকঘরসমূহে কর্মচারিদের অফিসে যাতায়াতের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরিবহন সুবিধা স্থানীয় পোস্টমাস্টার জেনারেল/ডেপুটি পোস্টমাস্টার জেনারেলগণ নিশ্চিত করবেন। এছাড়াও উপজেলা পর্যায়ের ডাকসেবা, সঞ্চয় ব্যাংক লেনদেন ও মেইল পরিবহনের বিষয়ে সংশ্লিষ্ট ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এবং পরিদর্শকগণ নিবিড় তদারকি নিশ্চিত করবেন। অন্যদিকে ছুটিকালীন সময়ে ডাকঘরে কর্মরত সকলকে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।